Views Bangladesh Logo

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নির্দেশনা সরকারের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচনা করা হয়।

নির্দেশনায় উল্লেখিত প্রধান বিষয়গুলো হলো—

১. পর্যাপ্ত দিনের আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা/দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

২. বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত বাতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

৩. অফিস চলাকালীন অপ্রয়োজনীয় বাতি, পাখা, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

৪. এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (বাতি, পাখা, এসি) বন্ধ রাখতে হবে।

৬. করিডর, সিঁড়ি, ওয়াশরুমসহ অন্যান্য স্থানের অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখতে হবে।

৭. জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৮. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি ইত্যাদি) বন্ধ রাখতে হবে।

৯. অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলতে হবে।

১০. যানবাহনের ব্যবহার সীমিত রাখতে হবে।

১১. জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ