রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলির মনোনয়নপত্র জমা দিল ১১ দলীয় জোট
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জোটের নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিতভাবে অলি আহমদের পক্ষে অবস্থান নিয়েছে ১১ দল। সাবেক মন্ত্রী ও এলডিপি চেয়ারম্যান অলি আহমদ এ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। এ সময় প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সরকারি দল ও বিরোধী পক্ষের প্রার্থীদেরও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলে ১৮ আগস্টের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো।
মতামত দিন