Views Bangladesh Logo

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন রয়েছে। এ ছাড়া ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি চালানো হচ্ছে।

মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম তদারকিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ