দুই মাসে বাংলাদেশে আরও ১১২৯ জন রোহিঙ্গা এসেছে
দেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন। যা জানুয়ারির তুলনায় ১ হাজার ১২৯ জন বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাম্পে মোট ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জন রোহিঙ্গা অবস্থান করছে।
ইউএনএইচসিআর জানায়, রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা নিরাপত্তার আশায় বাংলাদেশে প্রবেশ করছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটি ১০ লাখ ৪০ হাজার ৪০৮ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করেছে, যারা ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এর মধ্যে ১৯৯০ সালের পর বাংলাদেশে এসেছে ৩৯ হাজার ৫০২ জন এবং ২০১৭ সালের পর এসেছে ১০ লাখ ৯০৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন করে শরণার্থীদের ঢল দেখা যাচ্ছে। এর ফলে ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি বড় ঢেউ শনাক্ত করা হয় এবং বর্তমানে তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে।
ইউএনএইচসিআর বলছে, ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু। এছাড়া প্রায় ১২ শতাংশ শরণার্থী প্রতিবন্ধী, একক অভিভাবক, গুরুতর অসুস্থ, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক বা ঝুঁকিপূর্ণ প্রবীণ—যাদের বিশেষ আইনি ও মানবিক সুরক্ষা প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে