বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি আরব ও আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি
প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং জুলাই গণআন্দোলনে সংহতি প্রকাশকারী প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির পরিকল্পনা নেয়া হয়েছে। বছরজুড়ে রপ্তানি সম্ভব না হলে আগস্ট-সেপ্টেম্বরে ভরা মৌসুমে এটি করা যেতে পারে।
উপদেষ্টা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ পাঁচ লাখ ৩০ হাজার টন ইলিশ উৎপাদন করেছে। স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।
সরকারি নিষেধাজ্ঞায় ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি স্থগিত রয়েছে উল্লেখ করে ফরিদা জানান, তা সহজতর করতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে তার মন্ত্রণালয়। প্রাথমিকভাবে আগস্ট থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত দুই দেশে ১১ হাজার টন ইলিশ পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ফরিদা আরও জানান, পরে অন্য দেশগুলোতে আরও রপ্তানির কথাও বিবেচনা করা যেতে পারে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানায়, প্রায় ৪৪ লাখ সৌদি আরবে এবং ২২ লাখ বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বাস করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে