২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ২ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ শিশু।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬০ হাজার ৫৪০ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২১০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রস্তুত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে