Views Bangladesh Logo

সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মাদ্রাসাছাত্র, পাঁচজন কৃষক এবং একজন নৌকার মাঝি রয়েছেন। ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময় সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

রোববার (২১ জুন) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তীব্র ঝড়-বৃষ্টির সময় এ বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে।

সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বিকেল ৩টার দিকে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। নিহতদের একজন কুটি ব্যাপারী (৭০) এবং অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃষ্টির সময় তারা মাঠে কাজ করছিলেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর চর বওলা এলাকায় ঘাস কাটতে গিয়ে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়। বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের সময় অজু করার মুহূর্তে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। নিহতরা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর এলাকায় নৌকা চালানোর সময় বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়। তিনি ধান পরিবহন শেষে যাত্রীদের নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাঞ্চননগর এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টির সময় খোলা মাঠ, নদী ও হাওরে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ