মহারাষ্ট্রের যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার
ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লিতে ব্যাপক অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০০ সদস্যের বড় পুলিশ বাহিনী অংশ নেয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন–১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে একযোগে বিভিন্ন ভবন ও কক্ষে তল্লাশি চালানো হয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই এলাকায় আরেকটি অভিযানে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়েছিল। ফলে এক সপ্তাহের ব্যবধানে এটি বুধওয়ার পেথে পুলিশের দ্বিতীয় বড় অভিযান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেহব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ে এবং অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছে, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়ের করা হবে এবং উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে