Views Bangladesh Logo

চকরিয়ায় বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের শিশুর

কক্সবাজারের চকরিয়ায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান নামে ১০ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা এলাকার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে। নিহত তারেকুর রহমান উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার বাসিন্দা। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেকের দাদা চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে একটি পানের দোকান পরিচালনা করেন। প্রায়ই দাদার সঙ্গে দোকানে সময় কাটাত তারেক। মঙ্গলবার রাতেও সে দোকানে ছিল। একপর্যায়ে পানি আনতে পাশের একটি হোটেলে গেলে সেখানে সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে।

এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারেকের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের দিকে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে তারা খবর পেয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ