২৭ আগস্ট সংসদে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরা হবে: প্রধানমন্ত্রী
দেশের জ্বালানি সংকট সমাধানে আগামী ১০ বছরের পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির জনগণের জন্য পরিকল্পনা আছে। ২৭ আগস্ট সংসদের অধিবেশন শুরু হলে আগামী ১০ বছরে কীভাবে জ্বালানি সংকটের সমাধান করা হবে, তা জনগণের সামনে তুলে ধরব।
বিরোধী দলগুলোকেও নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের কারও কাছে যদি এমন কোনো পরিকল্পনা থাকে, যা তিন মাসের মধ্যে সংকটের সমাধান করতে পারে, আমি তা গ্রহণ করব। আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি, সরকারের চেয়ে ভালো পরিকল্পনা নিয়ে আসুন।
তারেক রহমান বলেন, বিরোধী দলগুলো যদি ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা দিতে পারে, তাহলে তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তবে জনগণকে বিভ্রান্ত করার জন্য শুধু বক্তব্য না দিয়ে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। তারা প্রিয় মাতৃভূমিকে ধীরে ধীরে বিশ্বের দরবারে এগিয়ে যেতে দেখতে চায়। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশকে এগিয়ে নিতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম হাতে পরিণত করতে হবে।
তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করা কোনো রাজনীতিবিদের কাজ বা দায়িত্ব হতে পারে না। বরং রাজনীতিবিদদের দায়িত্ব হলো মানুষকে ধৈর্য ধরতে শেখানো এবং সঠিক পথ দেখানো।
‘বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ’ মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকার মিথ্যা ও বিশৃঙ্খলার রাজনীতি করেছে। কিন্তু বর্তমান রাজনীতিবিদেরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তাড়াহুড়া ও বিভ্রান্তির রাজনীতি না করে জনগণের কল্যাণে পরিকল্পনা উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার দিন শেষ। জনগণ এখন আর এ ধরনের রাজনীতিকে সমর্থন করে না।
ঢাকা-১৭ আসনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই এলাকার বিএনপির প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করছেন। পাশের লেক পরিষ্কার করতেও ছয় মাস সময় লাগে। এ ধরনের কাজ সহজ নয়, কিন্তু সমালোচনা করা সহজ।
সমালোচনায় ব্যস্ত ব্যক্তিদের মাঠে এসে জনগণ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য কথা বলতে হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
মতামত দিন