Views Bangladesh Logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম স্থলবাহিনী সংলাপ সফলভাবে সমাপ্ত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত দশম স্থলবাহিনী সংলাপ শেষ হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুই দিনব্যাপী এ সংলাপ ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। সংলাপে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সামরিক সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংলাপ শুরুর আগে গত ২৬ অক্টোবর সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। আলোচনায় দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়।

বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বয়, প্রস্তুতি এবং যৌথভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ