Views Bangladesh Logo

হাতির শুঁড়ের আঘাতে ইজিবাইক উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু, মাহুত আটক

ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি দিয়ে যানবাহন থেকে চাঁদা তোলার সময় হাতির শুঁড়ের আঘাতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর হাতির মাহুতকে আটক করেছে পুলিশ এবং হাতিটিকে বন বিভাগের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা ১০ মাস বয়সী আরিশা জান্নাতকে চিকিৎসকের কাছে নিতে তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর হাসপাতালে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি হাতি নিয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা তুলছিলেন। চাঁদা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে হাতির শুঁড়ের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে গাড়িটি উল্টে যায় এবং নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু আরিশা।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন হাতির মাহুত বকুল মিয়াকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হাতিটিকে নিরাপদে সরিয়ে নিতে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা পৌঁছানোর পর হাতিটিকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ