উখিয়ার বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সাপটি সুস্থ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে হঠাৎ বিশাল আকৃতির অজগর দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।
উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বার্মিজ অজগরটি প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
মতামত দিন