Views Bangladesh Logo

এবার পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

আগামী ১০ মে থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত করা হয়েছে মোট ১০৭ জন সদস্যকে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পদক তালিকায় শুধু পুলিশ সদস্যরাই নন, বরং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত সেনা ও বিমান বাহিনীর একাধিক কর্মকর্তাও স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীতদের পদক পরিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আগামী ২ মে মনোনীত সকল সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

তবে প্রতিবারের মতো এবারও পদক বণ্টন নিয়ে কিছুটা অসন্তোষের সুর পাওয়া গেছে। মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জুনিয়র কর্মকর্তাদের তুলনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশি সংখ্যায় পদক পাওয়ার বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বরাবরের মতো এবারের তালিকায়ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আধিক্য লক্ষ্য করা গেছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে মৃদু আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ