নির্বাচন উপলক্ষে সারাদেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এ জন্য তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দিনসহ ভোটের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।
এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। পাশাপাশি প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে