Views Bangladesh Logo

পাঁচ মাসে নির্যাতনের শিকার ১০৩৫ নারী-শিশু, ধর্ষণের ঘটনা ২৫০: মহিলা পরিষদ

চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট ১ হাজার ৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

তাদের মধ্যে ২৫০ জন ধর্ষণের শিকার হয়েছেন, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৮ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫৩ জনকে।

শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক নাগরিক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়।

সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ের ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত ও পুরস্কৃত করা যেতে পারে।

সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বা ভাইরাল হওয়া ঘটনাগুলোর পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করতে হবে।

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে আইনের কোনো ঘাটতি নেই; মূল সমস্যা আইনের প্রয়োগ এবং সামাজিক মানসিকতায়। নারী ও শিশুদের অধিকার রক্ষায় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংলাপে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কার্যকর প্রয়োগ এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ