২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সড়কমন্ত্রী
এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো প্রকল্প ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নয়।
তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এগুলো হলো—এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) এবং এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)।
মন্ত্রী আরও জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশের মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২,৭৩৬.৫৮ কিলোমিটার। এর মধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার চার লেন, ১০,৪৮৮ কিলোমিটার ছয় লেন এবং ১৭.৩৪ কিলোমিটার আট লেন মহাসড়ক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে