প্রতিটি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেছেন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসা সেবার মান, ওষুধের মজুত ও মেয়াদ, পথ্যের (খাবার) গুণগত মান, চিকিৎসক সংকট এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী ।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় বেশ কিছু অনিয়ম ও অসংগতি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। বিশেষ করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত অবস্থায় দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালসংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একটি ক্লিনিকও পরিদর্শন করেন মন্ত্রী। সেখানেও নানা অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
মতামত দিন