১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে দেশের বিভিন্ন স্তরের ১০১ জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে সরকার। সোমবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের শিক্ষকদের প্রতিনিধিত্ব ছিল এতে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শিক্ষকরাও ছিলেন তালিকায়।
সম্মাননা হিসেবে নির্বাচিত প্রত্যেক শিক্ষক পেয়েছেন নগদ দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র। জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই শেষে ৯৫ জনকে চূড়ান্ত করেছে। বাকি ছয়জনকে বেছে নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
তালিকাভুক্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে ভবিষ্যতে নেতিবাচক কোনো তথ্য বা মন্তব্য পাওয়া গেলে তাঁর নাম বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদার বিষয়টিই এখানে গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজধানী ও সারা দেশের জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এর পরের বছর, ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদ্যাপিত হয়।
ইউনেস্কোর অনুমোদনক্রমে প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এদিন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়েছে।
মতামত দিন