‘মেসি, আমাকে বিয়ে করো’—শতবর্ষী ভক্তকে ঘিরে বিশ্বজুড়ে নতুন আলোচনা
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ, লিওনেল মেসির গোল কিংবা গ্যালারির উচ্ছ্বাস—সবকিছুকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক শতবর্ষী ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে যিনি পরিচিত ‘গ্র্যানি স্মিথ’ নামে। তার আসল নাম পলিন কানা।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপের মঞ্চে। যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে গ্যালারিতে দেখা যায় তাকে। আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা পলিনের হাতে ছিল একটি প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, ‘আমি ১০০ বছরের এবং আমি মেসির ভক্ত।’
টেলিভিশন ক্যামেরায় মুহূর্তটি ধরা পড়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই জানতে আগ্রহী হয়ে ওঠেন—এই প্রবীণ ভক্ত কে?
পলিন কানা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা। নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা কৌতুকধর্মী ভিডিও, স্টান্ট ও বিভিন্ন ভাইরাল কনটেন্টের মাধ্যমে তিনি অনলাইনে পরিচিতি পেয়েছেন। সামাজিকমাধ্যমে তাকে ‘গ্র্যানি স্মিথ’ ও ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামেও ডাকা হয়।
তবে মেসির প্রতি তার ভালোবাসা বেশ পুরোনো। এর আগেও বিভিন্ন ম্যাচে প্ল্যাকার্ড হাতে মেসির প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির একটি ম্যাচে তার হাতে দেখা যায় একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল—‘মেসি, আমাকে বিয়ে করবে?’
পরে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে আরেক ম্যাচে তাকে দেখা যায় ভিন্ন বার্তা নিয়ে। সেখানে লেখা ছিল, ‘মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স শুধু একটি সংখ্যা।’
সেই সময় অনুশীলনের ফাঁকে মেসিও তাকে লক্ষ্য করে হাসেন এবং হাত নেড়ে অভিবাদন জানান। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে।
নাতি রস স্মিথের সঙ্গে ভিডিও বানানোর মাধ্যমে পলিন কানা মূলত জনপ্রিয়তা পান। ২০১২ সালে ভাইনের মাধ্যমে শুরু হওয়া তাদের যাত্রা পরে ইনস্টাগ্রাম ও টিকটকে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ৯৯ বছর ২৭৪ দিন বয়সে কনসার্টে দর্শকের কাঁধে ভেসে (ক্রাউড সার্ফিং) তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। সবচেয়ে বেশি বয়সে ক্রাউড সার্ফিং করা ব্যক্তি হিসেবে পেয়েছেন স্বীকৃতি।
মতামত দিন