হজ ক্যাম্পে বিদেশগামীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা
জরুরি পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের রাত্রিযাপনের সুবিধার্থে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২৬ জুলাই) সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টারে’ বর্তমানে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে সংকটকালীন পরিস্থিতি বা আকস্মিকভাবে ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, প্রস্তাবিত আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। এ উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ, বৈরী আবহাওয়া কিংবা অন্যান্য কারণে অনেক সময় ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। এ ধরনের পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীরা আবাসন সংকটে পড়েন। হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা চালু হলে তাদের সেই দুর্ভোগ অনেকাংশে কমবে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত দিন