প্রথম ধাপে এক লাখ প্রাথমিক শিক্ষার্থী পাচ্ছে বিনামূল্যে জুতা
দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত মানের জুতা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে এই জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বিভিন্ন বড় প্রতিষ্ঠানের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) তহবিলের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সরকার চায় এই কর্মসূচিটি যেন কেবল সাধারণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সুসংগঠিত সহায়তা ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে।
বৈঠকে জুতার গুণগত মান, নকশা এবং উৎপাদন মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পণ্যের মানে কোনো ধরনের বৈষম্য থাকলে তা শিক্ষার্থীদের মধ্যে অসম অভিজ্ঞতা বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জুতার মান নিয়ন্ত্রণ ও নকশা নির্ধারণের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও কারিগরি বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জুতার নকশা, মান যাচাই এবং সনদ প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে এবং প্রতিটি ধাপে কারিগরি বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে