প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ পাবেন
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার মাসের মধ্যে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
তিনি জানান, সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান। ২০৩০ সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩০ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩১ তে দাঁড়িয়েছে।২০২৪ সালের মধ্যেই এ অনুপাত ১:৩০ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ অডিটরিয়ামে নেপের কর্মকর্তাগণসহ প্রাথমিক ও গণশিক্ষা, পিটিআই, এলজিইডি, ডিপিএইচই এর কর্মকর্তাবৃন্দদের নিয়ে বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এসব কথা বলেন।
কাজের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “ইতোপূর্বে ৭টি বিভাগে আমরা গিয়েছি, তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহে।”
তিনি বলেন, “এ কর্মশালার মাধ্যমে কাজের গতিকে আরও একটু ত্বরান্বিত করতে চাই। ৩৯টি মন্ত্রণালয়ের মধ্যে এডিবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা প্রথম সারিতে। প্রায় সকল ডেভলপমেন্ট পার্টনার প্রাথমিক শিক্ষার সাথে কাজ করছে। দেশে প্রাথমিক শিক্ষায় যথেষ্ট অবকাঠামোর কাজ হয়েছে। আগামী ১৬ মাসের মধ্যে শিক্ষার চলমান উন্নয়ন কাজে ১৩ হাজার কোটি টাকা খরচ করার টার্গেট রয়েছে।”
এছাড়াও আরো ৭ হাজার কোটি টাকার চাহিদা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, এলজিইডি প্রধান কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ক্যাম্পাসের চলমান অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং নেপ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালকের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে