Views Bangladesh Logo

নারীদের যাতায়াত সহজ করতে সড়কে নামছে আরও ১০০ পিংক বাস

স্কুল-কলেজ ও কর্মস্থলে নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে পিংক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। এ কারণে দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে নারীদের নিয়মিত যাতায়াতের সুবিধা বাড়াতে পিংক বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বর্তমানে চলাচলরত বাসগুলো প্রয়োজনের তুলনায় কম হওয়ায় নতুন ১০০টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রশস্ত করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে নেওয়া নতুন প্রকল্পগুলোতে সড়ক নির্মাণের ক্ষেত্রে স্ট্রেইট লাইন বা অপেক্ষাকৃত সোজা নকশা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ