আজ বিশ্ব ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে
৫৭তম বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে ১০০'র বেশি যুগলের বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, আজ ১০০ এর বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।
জানা গেছে, বিয়ে পড়ানোর আগে বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। এ ছাড়াও বিয়ের আগে বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা খেজুর বিতরণ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে