হামহামে আটকা ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের হামহাম জলপ্রপাতে আটকে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (২০ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতের পথে একজন শিক্ষার্থী পা পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে না পেরে তারা ৯৯৯ নম্বরে সহায়তা চান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অন্য শিক্ষার্থীরা সুস্থ আছেন।
মতামত দিন