সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হচ্ছে রেলওয়ের ১০ হাসপাতাল
বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকা ১০টি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, অবকাঠামোগত ও চিকিৎসা-সেবার মান উন্নয়নের কাজ শেষ হলে সাধারণ মানুষ এই ১০টি রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল এসব রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করবে। তারা অবকাঠামোগত কী কী উন্নয়ন প্রয়োজন, তা মূল্যায়ন করে একটি প্রতিবেদন দেবে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ নেয়া হবে।’
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ‘তৎক্ষণাৎ রেলওয়ে হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেয়া সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যে সেবা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নীতিমালা তৈরি করবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে