Views Bangladesh Logo

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি বৃদ্ধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলায় এখন দায়িত্ব পালন করছে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সঙ্গে রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক সাঁজোয়া যান (এপিসি)। মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম তদারক করা হচ্ছে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠে কর্মরত সদস্যদের কার্যক্রম সরাসরি দেখতে ও সমন্বয় করতে মোতায়েন করা সদস্যদের বেশির ভাগের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিগত উপকরণ ব্যবহার করে মাঠের কর্মকাণ্ডের সরাসরি ভিডিও ধারণ করা হচ্ছে। ঢাকায় বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো নিরাপত্তা পরিস্থিতি কাছ থেকে দেখা হচ্ছে, যাতে কোনো সংকট তৈরি হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সদস্যরা মাঠে নেমেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তাঁরা জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অবস্থান নিয়েছেন। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে তাঁরা নিরাপত্তা পর্যবেক্ষণ ও মানুষের জানমাল রক্ষায় কাজ করছেন।

দায়িত্ব পালনে সদস্যদের পেশাদারি মনোভাব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সাধারণ মানুষের চলাফেরা ও দৈনন্দিন কাজ যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানায় বিজিবি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এর পর থেকে জেলায় ধাপে ধাপে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। ওই দিন প্রথমে তিন প্লাটুন, পরে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সর্বশেষ সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ প্লাটুনে।

বিজ্ঞপ্তির শেষ অংশে বিজিবি জানায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও তারা সব সময় প্রস্তুত। সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকারও করেছে বাহিনীটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ