গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের টানা বিক্ষোভের মধ্যে গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এর আগে রোববার (১ নভেম্বর) ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনাবাড়ী এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কের মাঝের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। ঝুটের একটি গুদামেও আগুন লাগার খবর পাওয়া যায়।
বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার কারণে জেলার বহু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
রোববারই গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় প্রথম দফায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। সেই সময় পাঁচ প্লাটুন সদস্য দায়িত্বে ছিলেন। সোমবার তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হলো।
এদিকে বিজিএমইএর তথ্য অনুযায়ী, রোববার ঢাকার মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন চালানো যায়নি। একই দিন সরকার মজুরি পর্যালোচনায় ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি মাসে ১২ হাজার ৫০০ টাকা।
মতামত দিন