Views Bangladesh Logo

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সভা চলছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। এক পক্ষের ধাওয়া খেয়ে অপর পক্ষ থানার ভেতরে আশ্রয় নিলে সেখানেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবলসহ ১০ জন বিএনপি নেতা-কর্মী আহত হন। ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেলাল হোসেন জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। থানা প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশের চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ