Views Bangladesh Logo

কুমিল্লায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে ১০ জন আহত

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার কোটবাড়ি পলিটেকনিক ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের মতে, দুপুরে “গোপন শিবির সদস্য” থাকার অভিযোগে নাফিস আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীকে কয়েকজন মিলে চড় মারার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এর ন্যায়বিচার চেয়ে শিবির নেতারা সন্ধ্যায় অধ্যক্ষের কার্যালয়ে যান। অধ্যক্ষ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন, তবে শিবির কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরপর উত্তেজনা বাড়তে থাকলে ছাত্রদলের কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো হন, যা পরে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল কর্মী ইমন আহমেদ বলেন, দুপুরে হলের মধ্যে দুই শিক্ষার্থীর মধ্যে তর্ক হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রদলের কোনো কমিটি নেই। শিবির ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজারুল ইসলাম বলেন, এখানে ছাত্রদল বা ছাত্রশিবিরের কোনো স্লোগান ছিল না। হঠাৎ করেই সংঘর্ষ ঘটে। একজনকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুপুরে এই সংঘর্ষ হয়। আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি, কিন্তু তার আগেই সংঘর্ষ ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশ ক্যাম্পাসে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ