ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের কাটাখালি সেতুর উপর এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল ৯ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কাটাখালি সেতুর উপরে বরিশালগামী বাস (ঢাকা মেট্রো-ব ১২-২৮২৫) ও বরিশাল হতে ভাঙ্গাগামী ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৩-১১৭০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় মহাসড়কে আধা ঘণ্টা সময়ের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন প্রধান আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে।

মতামত দিন