নারায়ণগঞ্জে বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন পরিবহনের বাসের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ১২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দল ইউনিটের সদস্য সচিব ফারুক হোসেন।
স্থানীয় সূত্র জানায়, মহানগর বিএনপির সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ চেয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোডাউন করেন। এই খবরে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শতাধিক নেতাকর্মীকে নিয়ে টার্মিনালে গেলে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১০ আহত হন।
সংঘর্ষের সময় উভয় পক্ষই অস্ত্র, লাঠিসোটা ব্যবহার করেছে বলে জানা গেছে। এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর এবং বেশ কয়েকজন নেতাকে মারধর করা হয়। পরে যৌথ বাহিনী গিয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়া সিটি বন্ধন পরিবহনের স্থলে বন্ধন পরিবহন বাস মালিকরা এই সেক্টর তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বন্ধন পরিবহনের মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে