Views Bangladesh Logo

সাভারে আ’লীগ নেতার বাড়ি ভাঙতে গিয়ে হামলার মুখে ছাত্ররা, আহত ১০

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং তার ভাই তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার মুখে পড়েছে ছাত্র-জনতা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার হেমায়েতপুর এলাকায় ‘রাজ মঞ্জুরি’ নামের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একাধিক প্রত্যক্ষদর্শী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিনের বাড়ি ভাঙচুর করে ছাত্র-জনতা।

মঞ্জুরুল আলম রাজিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ভাই ফখরুল আলম সমর ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ‘মার্চ টু মঞ্জুরি’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই কর্মসূচিতে ছাত্র-জনতা সাভার থেকে অংশ নেয়। ঘোষণা অনুযায়ী, সন্ধ্যার পর তারা হেমায়েতপুরের মঞ্জুরুল আলম রাজিবের বাসভবনের সামনে লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়। একপর্যায়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। তারা গেট ও দেয়ালে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে।

একপর্যায়ে এলাকাবাসীর পরিচয়ে দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকজন ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অন্তত ১০জন আহত হন।

তামিম নামের এক আন্দোলনকারী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাভারে গণহত্যার নির্দেশদাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার ভাই সমরের বাড়িতে যান। এ সময় আওয়ামী লীগের দোসররা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।

মঞ্জুরুল আলম রাজিব ও তার ছোটভাই গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ