Views Bangladesh Logo

স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ মৃত্যু, ২২ দিনে ১১৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৭৪ জন আক্রান্ত হয়েছেন।

গত ২২ দিনে সারাদেশে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত হয়ে হাজারো শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এখানে আক্রান্ত হয়েছে ৩,২৫৯ জন শিশু, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে নতুন করে ৯৭৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। অন্যদিকে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং সচেতনতার অভাবে হাম সংক্রমণ বাড়ছে। দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ