Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১০

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ পাহারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু (৩৫), রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য রাশেদুল হাসান (৪২), ছাত্রলীগের কর্মী মো. পারভেজ হোসেন (২৪), মো. মুরাদ (২৪) এবং ওয়ার্ড শ্রমিক লীগের কর্মী ফয়সাল হোসেন (৩১)। বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের ভাষ্য, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিভিন্ন মামলার আসামি ১০ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার ওসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ