হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরেক শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে এই হাসপাতালে মোট ১৪ শিশুর মৃত্যু হলো।
শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, শনিবার দুপুর পৌনে ১টায় তিন মাস বয়সী শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছেলেশিশুটিকে গত ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছে মোট ৭২ শিশু। গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ৬১১ শিশু, যাদের মধ্যে ৫১৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
রোববার সকালে নতুন ভবনের অষ্টম তলার আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশু রোগীদের স্বজনদের চোখেমুখে হতাশার ছাপ। চার মাস বয়সী ছেলেশিশুকে নিয়ে ভর্তি শারমিন চৌধুরী বলেন, ‘সর্দি-জ্বরের পর চিকিৎসকরা বলেছেন ছেলে হামে আক্রান্ত। তাই গত এক সপ্তাহ ধরে হাসপাতালে আছি। চোখের সামনে অনেক মায়ের বুক খালি হচ্ছে, তাই চিন্তা কমছে না।’
সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, ‘হাম ছোঁয়াচে হওয়ায় তা ছড়াচ্ছে। শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং যথাসময়ে হামের টিকা দিতে হবে। আমরা সীমিত জনবলের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে