উখিয়ায় বিজিবি-পুলিশের অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় বিজিবি ও পুলিশের পৃথক দুটি অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খাল ও নারিকেল বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় মিয়ানমার দিক থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে এর নিচে কাঠের বাক্সে বিশেষ কায়দায় রাখা ৯০ হাজার ইয়াবা ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এ ছাড়াও রাত ৯টার দিকে উখিয়া থানা-পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও পুলিশের একটি দল যৌথভাবে নারিকেলবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময়ও কাউকে আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন