দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সেই লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার প্রায় ৮০ শতাংশ হবেন নারী।”
আগামীকাল ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য হলো, ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
তিনি বলেন, “মানুষ, পশুপাখি ও পরিবেশ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা একে অপরের ওপর নির্ভরশীল। এজন্য সব প্রাণের সুরক্ষা আজকের সময়ের দাবি। এটিই ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও প্রাণিকূলের সুস্বাস্থ্য রক্ষায় সমান গুরুত্ব দেয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বিশ্বজুড়ে বিজ্ঞানের অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি ব্যবহার করে টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অপরিহার্য। ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML) এর মতো প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে হবে।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিশ্বাস করে ‘Prevention is Better than Cure’, অর্থাৎ ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। নির্বাচিত সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে সকলের জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনায় রয়েছে: প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড প্রদান, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত চিকিৎসা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা চালু, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন, স্বাস্থ্যবীমা সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার, এবং সেবাগ্রহীতা ও সেবা দাতার জন্য ন্যায়সংগত আইন প্রণয়ন।
এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ এর শুভেচ্ছা জানিয়েছেন এবং দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে