Views Bangladesh Logo

নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ছাগল ব্যবসায়ী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৩৫) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঞ্চল কোট গ্রামের আবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিংড়া ছাগলের হাট থেকে ছাগল কিনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন চার ব্যবসায়ী। অটোরিকশাটি সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন- আজাদ, আফসার আলী ও সিরাজ। তাদের মধ্যে আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ