ফরিদপুরে আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন নসিমন চালক ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নসিমন চালক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন