Views Bangladesh Logo

ঘন কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

মেঘনা নৌ রোডে এমভি সুরভী-৮ ও টিপু সুলতান নামের দুটি লঞ্চের সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর সাহেবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কোস্টগার্ড ও নৌপুলিশ।

কোস্টগার্ড জানায়, রাত সাড়ে ১২টার দিকে বরিশালের ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ এবং ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চটি চাঁদপুরের হাইমচরের চরভৈরবী অতিক্রমকালে সংঘর্ষ হয়। এ সময় টিপু-১৪ লঞ্চটির ধাক্কায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিহত ব্যক্তির মরদেহ সদরঘাটে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চের ধাক্কা লাগলে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ঘনকুয়াশার কারণে চাঁদপুরের মতলবের মোহনপুরে আরেকটি লঞ্চ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ঘনকুয়াশার কারণে চাঁদপুরের মতলবের মোহনপুরে রাত সাড়ে ৩টায় চাঁদপুর হয়ে ঢাকা-পটুয়াখালী নৌ পথে চলাচলকারী এম ভি এ আর খান-১ এবং ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী এম ভি রফরফ-৭ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ