Views Bangladesh Logo

চট্টগ্রামে মুখোমুখি দুই বাসের সংঘর্ষে হতাহত ৯

চট্টগ্রামের পটিয়ায় খড়ের আগুন থেকে ওঠা ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে পড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাঁশি মোহন দাশ (৫০), তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) এবং শিরিন আক্তার (৪৭)।

পুলিশ জানায়, রাস্তার পাশে খড় জ্বালানোর কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। এ অবস্থায় দুটি ঈগল পরিবহনের বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। পাশাপাশি মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ