সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত পাঁচজন
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জেরে দুই বংশের সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন ৫৫ বছরের বৃদ্ধ। সংঘর্ষে আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার রাত নয়টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে। নিহত সতীশ রায় একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে ঢাল-সড়কি, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মৌলিক ও মণ্ডল বংশের লোকজন। সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে কেউ সতীশ রায়ের মাথায় আঘাত করেন। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো মামলা না হলেও গ্রেপ্তার এড়াতে অনেকেই পালিয়ে গেছেন।
মুকসুদপুর থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও লাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। পুলিশ কাউকে আটক করেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে