সিলেটে আ.লীগ নেতাসহ ৩ জন খুনের ঘটনায় আটক ১
সিলেট নগরের রায়নগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা মালু বেগমকে হত্যার ঘটনায় বাবুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নগরের রায়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত আব্দুস সাত্তার সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন। পাশাপাশি তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তাদের দেখাশোনার জন্য গৃহপরিচারিকা মালু বেগম সেখানে থাকতেন।
পুলিশের একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আটক বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং এর পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন