Views Bangladesh Logo

বগুড়ায় হামে আক্রান্ত ২, উপসর্গে মৃত্যু ১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ১১ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়া দুজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হলেও তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ৮ থেকে ১০ দিনের মধ্যে এসব ঘটনা ঘটেছে।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটিকে গত ৩১ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

শজিমেক হাসপাতালের উপপরিচালক মো. মনজুর এ মুর্শেদ ভিউজ বাংলাদেশকে জানান, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে ১১ শিশু চিকিৎসাধীন রয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। ভর্তি রোগীদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও ফলাফল পজিটিভ আসেনি।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদীদ ভিউজ বাংলাদেশকে বলেন, গত ৮-১০ দিনের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়েছেন এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। মৌসুম পরিবর্তনের এই সময়ে—শীতের শেষে গরমের শুরুতে—ভাইরাসজনিত রোগের প্রকোপ বাড়ে। এই কারণেই হামের সংক্রমণ দেখা যাচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, জেলায় হামের টিকার কোনো সংকট নেই। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য পাঁচ হাজার ডোজ টিকা সংরক্ষিত আছে। শিগগিরই আরও ১৪ শিশুর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
বর্তমানে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের শজিমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ