দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ১ জন বাংলাদেশি
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
নিহত ওই বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ জুন) হাইকমিশন জানায়, তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ও কাজ চলছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশসহ মোট সাতটি দেশের নাগরিক নিহত হয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, দিল্লির বিখ্যাত ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন্য ওই হোটেলেই অবস্থান করছিলেন দুটি বাংলাদেশি পরিবার। তারাও অগ্নিকাণ্ডের শিকার হন এবং ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এ ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে হাইকমিশন।
অগ্নিকাণ্ডের ঘটনার পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি রোগীদের দেখতে যান এবং হাসপাতালের কর্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
আহতদের উন্নত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। একই সঙ্গে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে