দুদকের মামলায় হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে কারাদণ্ড থেকে খালাসের জন্য তার আপিল গ্রহণ করেছেন আদালত।
আদালতে এদিন জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।
পরে এ বিষয়ে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘কারাদণ্ডের বিরুদ্ধে আপিল হাইকোর্টে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। এই মামলার আপিল শুনানির জন্য বিচারিক আদালতের সব নথিও তলব করা হয়েছে।’
এর আগে ২০২৩ সালের ২ আগস্ট এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এই মামলায় জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় দেয়া কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
জুবাইদা রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান। তিনি ১৭ বছর লন্ডনে ছিলেন। পরে চলতি বছরের ৬ মে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।
আপিল দায়ের করতে ৫৮৭ দিনের বিলম্বের জন্য ক্ষমা চেয়ে জুবাইদা রহমান হাইকোর্টে আবেদন করেন। পরে আবেদনটি আজ আদালতের কার্যতালিকায় স্থান পায়।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জুবাইদা রহমান ও তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে