বাজেট সহায়তা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার
আগামী শুক্রবার টোকিওতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বৈঠকে একাধিক বিষয়ে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকের আগে ইউনূসকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানাবে টোকিও।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিক বলেন, ইউনূসের আনুষ্ঠানিক সফর বুধবার থেকে শনিবার পর্যন্ত চলবে।
এই সফরের মূল লক্ষ্য বাজেট সহায়তা উল্লেখ করে তিনি আরও জানান, সকল কৌশলগত দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসবে এবং সফরে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ জাপানের কাছে বাজেট সহায়তা হিসেবে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। আলোচনার পর এই সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা এবং নোট বিনিময় স্বাক্ষর হবে।
আগামীকাল মঙ্গলবার রাতে টোকিওর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি নিক্কেই ৩০তম ‘এশিয়ার ভবিষ্যৎ’ সম্মেলনে বক্তৃতা দেবেন।
চলতি বছরের শুরুতে ড. ইউনূসকে এই সফরের আমন্ত্রণ জানান জাপানের সংসদীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনা আকিকো। ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কারও অর্জন করেছিলেন তিনিইউনূস ।
জাপানের 'ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক' এবং 'বেঙ্গল ইনিশিয়েটিভ' কৌশলের অধীনে টোকিও টেকসই আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নিতে চায়। বাংলাদেশে উচ্চমানের অবকাঠামো প্রকল্পের জন্য সহায়তা দিতে এবং জাপানি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিস্তারে উৎসাহিত করতে চায় জাপান।
জাপানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়সমূহ-যার মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে