Views Bangladesh Logo

জাইমাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত রাতে কচুয়ার বাধাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জাইমা রহমানকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে হাজির করা হলে আদালত গোলাম রসুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর কনটেন্ট প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ